সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে: জামায়াত

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেছেন যে ‘সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চকবাজার-বংশাল জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ছাত্রদল যেভাবে চট্রগ্রাম সিটি কলেজে ছাত্রদের ওপর রামদা নিয়ে হামলা চালিয়েছে, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে এতে মনে হয় ছাত্রদল বিএনপি সরকারকে খাঁদের কিনারায় নিয়ে যাচ্ছে। সরকার নিজেদের ছাত্র সংগঠনের মাধ্যমেই ছাত্র সমাজকে ক্ষিপ্ত করে তুলছে।’

তিনি আরো বলেন, ‘চট্রগ্রামের ঘটনার পর সরকার যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ছাত্রদলের সন্ত্রাসীদের আটক করতো, তবে ডাকসু নেতাদের থানার ভেতরে হামলা করার সাহস ছাত্রদলের সন্ত্রাসীরা দেখাতে পারতো না। সরকার দলীয় নেতাকর্মীরা একের পর এক মব সৃষ্টি করে যাচ্ছে আর সরকার নিরব দর্শকের ভূমিকা রেখে মব সন্ত্রাসকে আশ্রয়-প্রশয় দিচ্ছে।’

তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। জামায়াতে কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি, করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। কোনো অপশক্তিকে জনগণের ঘাড়ে চেপে বসতে দেয়া হবে না।

তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়, জনগণ সংস্কার চায়। সংশোধনের নামে জনগণ অতীতের মতো আর কোনো ধোঁকায় পড়তে চায় না। অতীতে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধন জনগণের স্বার্থে হয়নি, সংশোধন হয়েছে সরকারের ক্ষমতা বাড়াতে। তাই আর সংশোধন নয় এবার গণভোটের জনরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.