দেশে একটি শ্রেণির সৃষ্টি হয়েছে, যারা বর্তমান স্থিতিশীলতা নষ্ট করতে চায়: মির্জা ফখরুল

0

দেশে একটি শ্রেণির সৃষ্টি হয়েছে, যারা বর্তমান স্থিতিশীলতা নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন, নগদ অর্থ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমার শুধু একটাই অনুরোধ, আপনারা কখনো বিচলিত হবেন না। যারা মিথ্যা কথা বলে বা প্রচারণা চালায়, তাদের প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশে এমন একটি শ্রেণির সৃষ্টি হয়েছে, যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়।’

মন্ত্রী আরও বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধভাবে ৫ আগস্ট একটি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে। এই ঠাকুরগাঁওয়েও বহু আন্দোলন হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে আমার দল ও জোট আন্দোলন করেছে, ছাত্র-জনতা একসঙ্গে লড়েছে। ঠাকুরগাঁওয়ে প্রায় ১৩ জন শহীদ হয়েছেন। তাঁরা একটি সুন্দর বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের সেই প্রাণের মূল্য দিতে হবে। আমরা একটি শান্তিময়, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ দেখতে চাই।’

ঠাকুরগাঁওসহ উত্তরের জেলাগুলোর উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি উন্নত ঠাকুরগাঁও গড়তে চাই। এলজিআরডির অধীনে বর্তমানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়নের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া শুধু ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য দেড় হাজার কোটি টাকার আরও একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে, ইনশা আল্লাহ আপনারা সেটি পাবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.