যতদিন পর্যন্ত কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের বড়স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে (৭-১৩ এপ্রিল) জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনের পরপরই সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে কৃষকদের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নও ইতোমধ্যে শুরু হয়েছে। অনেকে মনে করেছিল এগুলো শুধুই নির্বাচনি শ্রুতি, কিন্তু বাস্তবে আমরা তা কার্যকর করেছি। যাদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ছিল, সেগুলো মওকুফ করে দেওয়া হয়েছে।