সরকারের প্রথম একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনার পর ৬ প্রকল্প অনুমোদিত হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব উপস্থাপন ও আলোচনার জন্য উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময় স্বল্পতায় ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয় এবং ২টি পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও, এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভেন্যু পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর বর্তমান কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজকের সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) অতিরিক্ত অর্থায়ন (ডিপিএইচইঅংশ) (৩য় সংশোধন)’ প্রকল্প, ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’, ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ’, ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর এটিই ছিল উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে গঠিত এই শীর্ষ কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা।