বিরোধীদলীয় নেতার প্রতি প্রধানমন্ত্রীর সৌজন্যতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে সাক্ষাৎ করতে গেলে তার কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
সংসদ সচিবালয়ে এ সাক্ষাৎকালে দুই নেতা পরস্পর কুশল বিনিময় করেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে সংসদ সচিবালয় কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এ শিষ্টাচার ও সৌজন্যতা উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে।
একই দিন বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে দাঁড়িয়ে সম্পন্ন করেন। এরপর তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হেঁটে যান এবং ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার কার্যালয়ে সংক্ষিপ্ত আলাপ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন, যা নির্বাচনের আগে ও বিএনপির ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষও প্রশংসা করেছেন।