সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের সঙ্গে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
রবিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে এবং এটি নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি বহন করবে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান জিন পেসমে। তিনি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।