প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

0

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তার প্রথম নয়াপল্টনে যাওয়া। তবে ঠিক কোন সময়ে তিনি কার্যালয়ে পৌঁছাবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

সন্ধ্যায় তিনি সেখানে যেতে পারেন বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের এ কথা জানান তারেক রহমান।

সভা শেষে প্রধানমন্ত্রী যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখর করে তোলেন। নেতাকর্মীদের এমন উচ্ছ্বাসের মুহূর্তে হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) নয়াপল্টন অফিসে যাব। সেখানে তোমাদের দেখতে চাই।’

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দলীয় কার্যালয়ে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করতে পারেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.