আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। তিনি বলেন, সংবিধান ও জনগণের প্রত্যাশার সমন্বয় ঘটিয়েই এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকটি শুরু হয় সকাল ১১টায়।
আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান ও জনআকাঙ্ক্ষা—উভয় বিষয়কে গুরুত্ব দিয়েই বিশেষ কমিটি কাজ করছে। ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো পর্যালোচনা শেষে চলতি অধিবেশনেই তা সংসদে উত্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরবর্তীতে তার প্রস্তাবের ভিত্তিতে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়।