ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে ‘মধ্যস্থতা করবে’ পাকিস্তান!
ফাইন্যান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সম্ভাব্য বৈঠকের জন্য নিজেদের রাজধানী ইসলামাবাদকে ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে পাকিস্তান।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন বা তেহরান। তবু যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের অনেকের কাছে পাকিস্তানের এমন উদ্যোগ অপ্রত্যাশিত নয় বলেই মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে পাকিস্তান। একই সঙ্গে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে তার প্রশাসনের সঙ্গেও উষ্ণ সম্পর্ক ধরে রাখে ইসলামাবাদ।
এই সম্পর্কের প্রেক্ষাপটও রয়েছে। গত বছরের জুন ও সেপ্টেম্বরে ট্রাম্পের আমন্ত্রণে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তার সঙ্গে সাক্ষাৎ করেন।
সেপ্টেম্বরে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।
এর আগে ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি হিসেবে জুন ও অক্টোবর মাসে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয় পাকিস্তান। এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের কাছে ইসলামাবাদকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি