গুম ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে মায়ের ডাক ফাউন্ডেশনের ঈদ উপহার

0

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা দিয়েছে ‘মায়ের ডাক ফাউন্ডেশন’।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানে ৫৫ পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা চারজন জনপ্রতিনিধি—আমি নিজে, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর এবং সানজিদা ইসলাম তুলি—ব্যক্তিগতভাবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তবে এবার আমরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছি যাতে আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে পারি এবং সামান্য ভালোবাসার উপহার পৌঁছে দিতে পারি।

প্রতিমন্ত্রী শহীদ ও গুম হওয়া পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ-দুর্দশার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল।

বিগত ১৭ বছরের গুম, খুন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য সরকার ইতোমধ্যে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন।

আমিনুল হক বলেন, সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে। ইমাম-খতিবদের ভাতা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত পদক্ষেপগুলো এরই অংশ।

শহীদ ও গুম হওয়া পরিবারের সন্তানদের ভবিষ্যত নিয়ে আমিনুল হক বলেন, আপনাদের সন্তানদের স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো চাকরির বিজ্ঞপ্তি হলে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অন্যান্য মন্ত্রণালয়েও চাকরির ক্ষেত্রে আপনাদের পরিবারের জন্য আমাদের জোরালো সুপারিশ থাকবে।

তিনি বলেন, আপনারা নিজেদের কখনো একা ভাববেন না। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়েই পাশে থাকতে চাই। খুব দ্রুতই আপনাদের জন্য নেওয়া স্থায়ী কর্মপরিকল্পনাগুলো জাতির সামনে উপস্থাপন করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.