লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু
সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) সরকারি এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় সাহাব উদ্দিন সাবু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাবু জেলা বিএনপির সদস্যসচিব ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ‘জাগো দল’ থেকেই তার রাজনীতির শুরু। তিনি বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর মহকুমা ছাত্রদলের সভাপতি ছিলেন।
লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, সাহাব উদ্দিন সাবু মৃত্যুঞ্জয়ী নেতা। ‘জাগো দল’ থেকে শুরু করে তিনি বিএনপির রাজনীতিতে এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আওয়ামী সরকারের আমলে একাধিকবার তাকে জেল খাটতে হয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর র্যাব বাসায় ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে এলাকায় নেতাকর্মীদের পাশে থেকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।