অপরাধ দমনে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমাজের অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারবদ্ধ। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই নীতিতে সরকার স্থির আছে, থাকবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (৬ মার্চ) জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মীর হেলাল বলেন, বিপুল জনরায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জানমালের নিরাপত্তা বিধানে দলীয় পরিচয়, বিবেচনা করা হবে না।
বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির নেতা কর্মীরা জীবনবাজি রেখে রাজপথে সংগ্রাম করেছে তা শ্রদ্ধাভরে স্মরণ করে মীর হেলাল বলেন, এখন দেশ গড়ার পালা, ‘করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ’ মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগান সামনে রেখে সব ধরনের অপরাধী দমন করে শান্তি ও সমৃদ্ধ জাতি গঠনে দলীয় নেতাকর্মীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।