দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে নতুন গভর্নরের তাগিদ
দেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছেন তিনি।
সোমবার (২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যক্রম আরও জোরদার ও ফলপ্রসূ করতে নবনিযুক্ত গভর্নর ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’-এর কনসালটেন্টের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং পুরো প্রক্রিয়াকে ‘ফাস্ট ট্র্যাকে’ নিয়ে আসার নির্দেশনা দেন তিনি।
এর আগে রোববার গভর্নর জানান, পাঁচটি ব্যাংক একীভূতকরণসহ ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না। একই সঙ্গে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে নীতি সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা চালু করা এবং সিএমএসএমই খাতে অর্থায়ন বাড়াতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।