পোশাকটি এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় ‘অর্ধনগ্ন’ মনে হচ্ছিল: স্বরা
পর্দার গ্ল্যামার আর বাস্তবের অনুভূতির মধ্যে যে যোজন যোজন দূরত্ব থাকে, সেটাই যেন আবার প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১৮ সালের হিট সিনেমা ‘ভির দ্য ওয়েডিং’-এর ‘তারিফা’ গানে তাকে লাস্যময়ী রূপে দেখা গেলেও, সেই শুটিংয়ের নেপথ্যের গল্পটি ছিল সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ওই গানের দৃশ্যে সুইমস্যুট পরে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে, লজ্জা ঢাকতে তাকে তোয়ালের আশ্রয় নিতে হয়েছিল।
স্বরা জানান, সিনেমার ওই দৃশ্যের জন্য তাকে যে পোশাকটি দেওয়া হয়েছিল, তা তার কাছে অত্যন্ত কুরুচিকর মনে হয়েছিল। পোশাকটি এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় ‘অর্ধনগ্ন’ মনে হচ্ছিল তার।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে স্বরা বলেন, “ভির দি ওয়েডিং ছবিতে আমাকে সর্বক্ষণ গ্ল্যামারাস রূপে থাকতে হয়েছে। মাথায় ওজন কমানোর চিন্তাও ছিল। কিন্তু এই ছবিতে যে স্নানপোশাক (সুইমস্যুট) পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। লজ্জায় আমি সেটে যেতে পারছিলাম না।”
লজ্জা নিবারণের উপায় হিসেবে তিনি বেছে নেন তোয়ালে। অভিনেত্রী বলেন, “মেকআপ শেষে ভ্যানিটি ভ্যান থেকে শুটিংয়ের সেট পর্যন্ত আমি গায়ে তোয়ালে জড়িয়ে যেতাম, যাতে কেউ ওই অবস্থায় আমাকে না দেখে।”