বস্ত্রখাত নিয়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা
বস্ত্রখাত নিয়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আবেগময় অনেক সিদ্ধান্তের কারণে পাটশিল্পের অনেক ক্ষতি হয়েছে। আমরা পাটের ক্ষেত্রে যে ভুল করেছি, বস্ত্রখাতে সেই ভুল করবো না। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবো না। আমরা সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছাতে চাই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বস্ত্র শিল্পের প্রবৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি’।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, আবেগময় অনেক সিদ্ধান্তের কারণে এই শিল্পের শুধু ক্ষতি হচ্ছে না, আমরা আবার এই ভুল করতে চাই না।
তিনি বলেন, বস্ত্রখাতের যে সমৃদ্ধি হয়েছে বেশ কিছু মালিক নিজেরাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। বিদেশে গেছেন, বিনিয়োগ করেছেন, জ্ঞান অর্জন করেছেন। এ খাতে ২০ শতাংশ মুনাফা অর্জন করছেন, এটি সবার সামগ্রিক অর্জন।
তিনি আরও বলেন, বস্ত্রখাতে সবাই খরচ বাঁচাতে চায়। এই শিল্পে খরচ বাঁচানো ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি আমাদের সক্ষমতা বাড়াতে যদি ভুল করি তাহলে স্লিপ করবো। আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি করতে চাই।