ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সাবধান থাকতে হবে: ব্যারিস্টার খোকন
ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সাবধান থাকতে হবে জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “রাজনীতির নামে একটি দল এখন জান্নাতের টিকিট বিক্রি করছে।”
তিনি প্রশ্ন তোলেন, “বাংলাদেশের যেসব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিয়ম মেনে নিবন্ধিত হয়েছে, জামায়াতে ইসলামিও তাদেরই একটি। তাহলে তাদের ভোট দিলে কিভাবে কেউ জান্নাতে যাবে?”
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ওলামাদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, “ইসলামের পাঁচটি মূল স্তম্ভ হলো—কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। মানুষের জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবে আল্লাহ, তার আমল ও ইমানের ওপর ভিত্তি করে। তাই ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সাবধান থাকতে হবে।”
তিনি আরও বলেন, “যারা দীর্ঘ সাতাশ বছর ধরে বিএনপির আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ এখন আচরণে ভণ্ডামি করছেন। বিএনপির মহাসচিব যখন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিচারের কথা বলছেন, তখনই জামায়াত নেতারা উল্টো মন্তব্য করছেন।”