বাংলাদেশ সরকার ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায়: শিল্প উপদেষ্টা
বাংলাদেশ সরকার ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫- রোড টু মেড ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে।
তিনি বলেন, এই সেক্টরগুলো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত; যা দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আদিলুর রহমান খান বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।