নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে কিছু মানুষ চক্রান্ত করছে: রিজভী

0

নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে কিছু মানুষ চক্রান্ত করছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখনও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার মতো প্রস্তুত নয়। এ পদ্ধতিতে স্বচ্ছতা নেই এবং এটি জটিলতা তৈরি করবে।

রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। মব কালচার চলছে। তিনি অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তার মতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকারী নয়।

তিনি বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যেকোনো অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। উস্কানিমূলক কথাবার্তা থেকে রক্ষা পেতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।

বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায় এখনও পৌঁছাইনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতির নির্বাচন টেকসই নয়। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে শুধু জটিলতা বাড়বে, কোনো ইতিবাচক ফল আসবে না। এ পদ্ধতিতে কোনো স্বচ্ছতা নেই।

রিজভী জানান, বিএনপি বা এর অঙ্গসংগঠনের নামে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে কাউকে আজীবন বহিষ্কারও করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে কিছু মানুষ চক্রান্ত করছে। তারা মাস্টারপ্ল্যান করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, কূটকৌশল বা নীলনকশা দিয়ে কোনো দলের ভাবমূর্তি নষ্ট করা যায় না। অতীতেও তা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না।

সংবাদ সম্মেলনে তিনি সরকার ও প্রশাসনের প্রতি আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ওপর জোর দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.