স্বাধীনতা দিবস ঘিরে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা পিটিআই’র
আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে এদিন থেকে দ্বিতীয় দফা বিক্ষোভ কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল রাত সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে পিটিআই’র জ্যেষ্ঠ নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার বলেন, ‘১৪ আগস্ট থেকে বিক্ষোভের দ্বিতীয় ধাপ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে কর্মসূচি চালাবো।’
২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে কারাবন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার বন্দিত্বের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ ঠেকাতে সরকার বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি পিটিআই কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাত সদস্যসহ অন্তত ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
লাহোর পুলিশের উপ-মহাপরিচালক ফয়সাল কামরান জানান, আটককৃতদের মধ্যে ১২২ জনের বিরুদ্ধে সড়ক অবরোধ ও আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারির দাবি, শুধু লাহোরেই ২০০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে সন্ধ্যায় প্রাদেশিক পরিষদের সাত সদস্যকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে পেশোয়ারে এক সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর বলেন, ‘পিটিআই ও ইমরান খানের ডাকে সাড়া দিয়েছে জনগণ। এখন থেকে প্রতিদিনই বিক্ষোভ হবে।’
তিনি জানান, ১৩ ও ১৪ আগস্টের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান।