ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জণগণের হাতে ফিরিয়ে দিতে হবে: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জণগণের হাতে ফিরিয়ে দিতে হবে। এটা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। এর বাইরে অন্য কোনো পথে গেলে তা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে৷
শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রি বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কার সনদের যেসব কথা বলা হচ্ছে সেসব ঠিক আছে কিন্তু যেটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়।
অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়া। যারা নির্বাচন চায়না তারা কেমন রাজনৈতিক দল, কেন তারা রাজনীতি করে সে প্রশ্নও রাখেন বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি আরও আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।