স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসকে কাজ করতে হবে। এর পাশাপাশি স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়াদি প্রচারেও তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন।
জনসচেতনতা সৃষ্টিতে জেলা তথ্য অফিসের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলাপ্রশাসন, স্থানীয় সাংবাদিক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ-কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্য সংরক্ষণ ও প্রচারে তথ্য কমপ্লেক্স কার্যকর ভূমিকা পালন করবে।
মাহফুজ আলম বলেন, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টিতে তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি তথ্য কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।