সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু
সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনো দরকার নেই। সংস্কার নদীর স্রোতের মতো প্রবহমান। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এটাকে সবসময় আপডেট করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে সেই বিষয়গুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।