কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আ.লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে। এরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে চাইছে।
নজরুল ইসলাম খান বলেন, আব্দুস ছালাম পিন্টুকে গত ১৭ আগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে ২১ আগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি। আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে। দেশ থেকে পালিয়ে গেছে।
গতকাল রোববার (৬ মার্চ) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কারা নির্যাতিত নেতা আব্দুস ছালাম মিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন।
এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, উনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল। কিন্তু পারেনি। শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতিদ্রুত নির্বাচন দিন।