আমি উপদেষ্টাদেরকে বলব যে ক‘দিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন তার চূড়ান্ত বর্হিপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই। আমি উপদেষ্টাদেরকে বলব যে ক‘দিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই। কারণ এরা সোচ্চার ছিলো অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানোর জন্য। এই কারণে ওরা জীবন দিয়েছে, সেই জীবনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-আগস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।
তিনি আরও বলেন, আমি উপদেষ্টাদেরকে বলব যে, যে ক‘দিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, এদিকে আপনারা নজর দিন, পাইজাম চাল, একেবারে মোটা চাল সেটার দাম ৫৬/৫৭ টাকা; এগুলোর দিকে নজর দিন।
রিজভী আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টা মানুষের বিশ্বাস আপনার ওপর। আমাদের বিশ্বাস আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।
সারা দেশে ধর্ষণকারীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহিলা দল।