বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে: আমিনুল
অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকেই বেছে নেবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। জাতির সব ক্লান্তিলগ্নে বিএনপি মানুষের পাশে ছিল। এখনো এ দেশের মানুষের জন্য কাজ করে চলেছে বিএনপি।
রমজান উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে দুটি কর্মসূচিতে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী, ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা মহানগর উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল হক এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, পরিপূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আবার কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, যাতে দেশে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুদের বোঝাতে পারে বাংলাদেশের মানুষ ভালো নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নির্বাচনে বিএনপিকে ভয় পায়। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে।