৩১তম ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’-এর পুরস্কার উঠল যাদের হাতে
অনুষ্ঠিত হয়ে গেল ৩১তম ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’-এর আসর। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে বসে এবারের আসর। স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি) এ বছর বাজিমাত করেছে ‘কনক্লেভ’ ও ‘শোগান’।
আগামী ৩ মার্চ দেওয়া হবে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন পুরস্কার বিজয়ী তালিকা থেকে অস্কার নিয়েও কিছু অনুমান জন্মেছিল সিনে-সংশ্লিষ্টদের মনে। তবে গতকাল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বা এসএজি অ্যাওয়ার্ডসের পর সম্ভাবনার অঙ্ক নতুনভাবে কষতে হচ্ছে।
৩১তম এসএজি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হয়েছেন টিমোথি শ্যালামে। কিংবদন্তি সংগীতকার বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’-এ নাম ভূমিকায় অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি।
এর মধ্য দিয়ে অস্কারে তাঁর সেরা অভিনেতা হওয়ার সম্ভাবনা বেড়ে গেল হু হু করে। এত দিন সম্ভাবনার পাল্লা ঝুঁকে ছিল ‘দ্য ব্রুটালিস্ট’ অভিনেতা অড্রিয়ান ব্রডির দিকে। কেননা তিনি এর আগে গোল্ডেন গ্লোব, বাফটার মতো পুরস্কার পেয়েছেন।
বলা হয়, এসএজি পুরস্কার যিনি পান, তাঁর হাতেই ওঠে অস্কার।
হলিউডের অভিনয়শিল্পীদের এই সংগঠনে রয়েছে এক লাখ ২২ হাজারের বেশি সদস্য, যাদের অধিকাংশই অস্কারের ভোটার। আর অস্কারের চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হয় অস্কার সদস্যদের ভোটের নিরিখে।
এবারের এসএজি অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কার তথা ‘আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই আ কাস্ট ইন আ মোশন পিকচার’ জিতেছে অ্যাডওয়ার্ড বার্গারের ছবি ‘কনক্লেভ’। ছবির পাঁচ তারকা র্যালফ ফাইনস, স্ট্যানলি টুসি, সার্জিও কাস্তেলিত্তো, জন লিথগো ও ইসাবেলা রসেল্লিনি সমন্বিত পুরস্কার নিয়েছেন। সেরা অভিনেত্রী হয়েছেন ‘দ্য সাবস্ট্যান্স’ অভিনেত্রী ডেমি মুর।
পার্শ্বচরিত্রে সেরা হয়েছেন কিয়েরেন কালকিন (আ রিয়েল পেইন) ও জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
টেলিভিশন বিভাগে শীর্ষ পুরস্কার পেয়েছে র্যাচেল কন্দো ও জাস্টিন মার্কসের সিরিজ ‘শোগান’। এ ছাড়া সেরা অভিনেতা (হিরোয়ুকি সানাদা), সেরা অভিনেত্রী (অ্যানা সোয়াই) ও সেরা স্টান্ট এসেম্বল বিভাগেও পুরস্কৃত হয়েছে সিরিজটি। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডাকে। সঞ্চালনায় ছিলেন ক্রিস্টেন বেল।