ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে এবার সিআইডির ক্রাইম সিন ইউনিট

0

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল গেছে। সেখানে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছে তা জানা যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫ থেকে ৬ জনের একটি দল পৌঁছায়। দীর্ঘক্ষণ তারা আলামত সংগ্রহ করে।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহে দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।

এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি না এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস।

নানান আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়।

গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.