খালেদা জিয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন: ডা. জাহিদ
সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানসিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবেও তিনি ভালো আছেন। ডাক্তাররা খালেদা জিয়ার প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন। নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা দিচ্ছেন, সেগুলো করানো হচ্ছে।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া দেশের সবধরনের খোঁজখবর রাখছেন। তিনি দেশের মিডিয়ার পাশাপাশি বিবিসি, সিএনএনসহ ইন্টারন্যাশনাল মিডিয়ার খবরও দেখেন। আমরা যা বলি সেগুলোও তিনি দেখেন। উনি এসব ব্যাপারে খুবই কনসার্ন। উনি যখন খুব কষ্টে ছিলেন, জেলে ছিলেন তখনো দেশের মানুষকে ছাড়া থাকেননি।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া দীর্ঘ ৮ বছর পর বিদেশে এসেছেন। তিনি স্বৈরাচারের নির্যাতন এবং নিষ্পেশনের কারণে জেলে একাকিত্বে সময় কাটানোর পর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য এসেছেন। কাজেই সুস্থতার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে বা হবে। যখনই চিকিৎসকরা তাকে যাওয়ার জন্য অনুমতি দেবেন তখনই তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।