নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রতিহত করবো: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এতে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা প্রতিহত করবো।
গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও ‘জনসম্পৃক্তি’ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সে বিশ্বাস থেকে আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে তার সবই এ ৩১ দফায় রয়েছে।
তিনি বলেন, ১৫ বছর যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিলেন তারা জনগণের অভ্যুত্থানে ৫ তারিখে পালিয়েছেন। তারা দেশটাকে ভেঙেচুরে দিয়েছেন।
তারেক রহমান বলেন, আমরা জানতাম স্বৈরাচার পতন হবে। কিন্তু কোন তারিখে হবে সেটা নিশ্চিত না। সেই বিশ্বাস থেকে দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে বিএনপি। স্বৈরাচার যেভাবে দেশ ধ্বংস করে দিয়ে গেছে, সেই দেশকে মেরামত করতে হবে। দলের পক্ষ থেকে ৩১ দফায় আমরা যা যা বলেছি, সেসবই বর্তমান সরকারের সংস্কার কমিশন রিপোর্ট আকারে জমা দিয়েছে। কিন্তু সরকার হিসেবে একটু এদিকে-ওদিকে বলার চেষ্টা করবেই। তবে মূল বিষয় আমাদের বাইরে নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সব সময় ভালো ভালো কথা বলবেন, সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট করবেন, একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নন, জবাবদিহিতা নিশ্চিত করবেন, সংষ্কার করবেন। কিন্তু দিন শেষে মানুষ প্রশ্ন তুলবে দ্রব্যমূল্য, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থান নিয়ে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কি করতে পারবেন, তা মানুষ জানতে চায়।