কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন না হলে অবরোধ আরও তীব্র থেকে তীব্রতর হবে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অবৈধ সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে। সংগ্রামী দেশবাসীকে বলতে চাই, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই অবরোধ চলছে। এই আওয়ামী লীগ ভোট চোরের বিরুদ্ধে জামায়াতের অবরোধ। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, না হলে আমাদের এই অবরোধ আরও তীব্র থেকে তীব্রতর হবে।
তিনি আরো বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অপশাসন ও দুঃশাসনে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। রাতের ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। তারা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এভাবে দেশ চলতে পারে না।
বুধবার সকালে রাজধানীর রমনা বেইলী রোড এলাকায় সড়ক অবরোধকালে তিনি একথা বলেন। অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজধানীর রমনায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ।
অবরোধ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শাহীন আহমেদ খান, মুতাসিম বিল্লাহ, মোহাম্মদ নুরুদ্দিন, ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আজ তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালিত হয়।