ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: আমীর খসরু

0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ প্রস্তাব কমিশনের হতে পারে, তবে বিএনপি একমত নয়। আমরা পরিষ্কারভাবে বলেছি, আমাদের অবস্থান হলো গণভোট এবং নির্বাচন একই দিনে, দুটি আলাদা ব্যালটের মাধ্যমে হবে। এটা দিনের আলোর মতো স্পষ্ট।’

তিনি বলেন, নতুন করে এ বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই এবং এ নিয়ে আলাপ-আলোচনারও কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুটি আলাদা ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি বিএনপির প্রথমদিন থেকেই অবস্থান, যা এখনো অপরিবর্তিত, এবং ভবিষ্যতেও পরিবর্তন হবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, সামনে নির্বাচন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি—স্বাভাবিকভাবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি উঠে এসেছে। নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা কী, সেটা আলোচনায় এসেছে।

তিনি বলেন, আমরা বলেছি— তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে। তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। যদিও আজকে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কোনো দলীয় সরকার নয়। কিন্তু তারপরও ইন্টারিম সরকারের ভেতরে যে কিছু কিছু লোক আছে, যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন— তারা শুধু বিএনপির পক্ষেই নয়, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রশ্নবিদ্ধ হয়েছেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি তার দেশে ফেরার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে থাকে। তবে এ বিষয়ে খুব বেশি কিছু আলোচনা হয়নি, কারণ বাংলাদেশে উনি কবে ফিরবেন সেটা তার সিদ্ধান্ত। এবং উনি সঠিক সময়ে, খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন— এটা পরিষ্কার। দিনক্ষণ তার পক্ষ থেকে বলা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.