তারেক রহমানকে বিজয়ী করতে নেতাকর্মীদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে: আবদুস সালাম

0

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, তারেক রহমানকে বিজয়ী করতে নেতাকর্মীদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ ১৭ বছর ধরে যে ভোটাধিকারের জন্য লড়াই চলছে, সেই লড়াইয়ের ফল ভালো হবে না খারাপ হবে এটা এখন পুরোপুরি নির্ভর করছে মাঠ পর্যায়ের কর্মীদের ওপর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনি কার্যালয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা ভাগ করে প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের চেনা জরুরি। এতে করে কেউ মৃত ব্যক্তির নামে ভোট দিতে এলে বা অনুপস্থিত ভোটার নিয়ে অনিয়মের চেষ্টা করলে তাৎক্ষণিক প্রতিবাদ ও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। কোন ভোটার মারা গেছেন, কে দেশে নেই বা দীর্ঘদিন এলাকায় বসবাস করছেন না এসব তথ্য আগেই চিহ্নিত করে রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এই ভোটের জন্য বিগত দিনে বহু নেতাকর্মী জেল খেটেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। সেই ত্যাগের ফল ঘরে তুলতে হলে ভোটের দিন ও তার আগের প্রস্তুতিতে কোনও গাফিলতি করা যাবে না। মনে রাখতে হবে সবাই তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন এবং সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ভোটের দিন কোনও অবস্থাতেই পোলিং বুথ খালি রাখার সুযোগ নেই। দায়িত্বপ্রাপ্ত কেউ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই অন্য জনকে দায়িত্ব দিয়ে যেতে হবে। প্রতিটি কেন্দ্রে একাধিক দায়িত্বশীল ও কর্মী রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, কলম, কালি ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট দফতর থেকে সরবরাহ করা হবে। ভোটের দিনের জন্য আলাদা ভোটার তালিকাও দেওয়া হবে।

তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.