নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটারদের আগ্রহ ও সাড়া অত্যন্ত ইতিবাচক: ইশরাক

0

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটারদের আগ্রহ ও সাড়া অত্যন্ত ইতিবাচক। মাঠপর্যায়ে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সমর্থন দেখে বড় ধরনের বিজয়ের প্রত্যাশা করছে বিএনপি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারীর টিকাটলি এলাকা থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করার সময় গণমাধ্যমকর্মীদের দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, সারাদেশে এখন একটি শক্তিশালী রাজনৈতিক জোয়ার বইছে। আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে। সেই প্রভাব ঢাকা-৬ আসনেও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে আমরা অত্যন্ত আশাবাদী।

গত দুইদিন ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে কিছু বিষয় চোখে পড়েছে, যা নির্বাচন কমিশনের নজরে আনা হবে। তবে সামগ্রিকভাবে ঢাকা-৬ আসনে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা নেই। এখানে পরিবেশ শান্ত রয়েছে। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হবো।

তরুণ ভোটারদের সমর্থন নিয়ে কিছু জরিপে বিএনপির বিপক্ষে মতামত উঠে আসছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব জরিপের বাস্তব কোনো ভিত্তি নেই। নির্বাচনের দিনই জনগণ স্পষ্ট করে জানিয়ে দেবে তারা কাকে চায়। বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়েই জয়ী হবে।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল তরুণ সমাজকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু জনগণ সেই কৌশল প্রত্যাখ্যান করেছে, যার প্রতিফলন ভোটের দিন স্পষ্টভাবে দেখা যাবে।

ঢাকা-৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, ভোটারদের রায়েই তিনি বিজয়ী হবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.