তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে স্বাগত জানাই: ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচনের রোডম্যাপ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। আমরা বারবার বলেছি, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বারবার বলেছেন, ডিসেম্বর ২৫ থেকে জুন ২৬ এর মধ্যে নির্বাচন হবে। আর ঈদুল আজহা উপলক্ষে ভাষণে তিনি পরিষ্কার করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন করার বিষয়টি বলেছেন।
তিনি আরও বলেন, ন্যূনতম সংস্কারের উদ্যোগ, বিচারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু পরিপক্ব অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। আর এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানিয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সে বিষয়টিকেও স্বাগত জানান।
তিনি বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। অংশীজনদের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে, সেই কাজটি টেকসই হবে। ঐকমত্য না থাকলে টেনশন তৈরি হবে, রাস্তাঘাট উত্তাল হয়ে যাবে এবং দিনশেষে কেউই কাজ করতে পারবে না।
বিচার প্রক্রিয়া নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইবুন্যাল আছে সেখানে একটি চার্জশিট জমা হয়েছে এবং সেখান ওপেন ট্রায়ালের ব্যাপারে আমরা বারবার দাবি করেছি। কারণ এই ধরনের বিচার সারা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয়। আর মাথায় রাখতে হবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান রয়েছে, সে ব্যাপারে কোনো প্রকার আপস করা যাবে না।