জুবাইদাকে ঘিরে সিলেটে উচ্ছ্বাস
সিলেটের বনেদি পরিবারের সন্তান ডা. জুবাইদা রহমান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। ১৭ বছর তিনি দেশে আসতে পারেননি। শাশুড়ি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ তিনি দেশে ফিরছেন। তাকে ঘিরে সিলেটের বিএনপি ঘরানার নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তাকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার সিলেটে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিলেট জুড়েও আলোচনায় জুবাইদা রহমান। সিলেট বিএনপিতে চলছে জাতীয় নেতৃত্ব সংকট। বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে যে কয়েকজন নেতা রয়েছেন তাদের নেতৃত্বেই চলছে সিলেট বিএনপি। এতে অবশ্য কোনো বিতর্ক নেই। এরপরও বিএনপি’র অনেকেরই কাছে পছন্দের তালিকায় ডা. জুবাইদা রহমান। নির্বাচন এলে সিলেটে তার নাম আলোচিত হয়। জুবাইদা রহমান রাজনীতিতে নামবেন কিনা বিষয়টি পরিষ্কার না হলেও গতকালের উচ্ছ্বাসে সিলেটের রাজনীতিতে জুবাইদা রহমানের পদচারণা চান অনেকেই। বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দুপুরে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বাগত মিছিল করেছেন।
ওই মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। স্বাগত মিছিলের আয়োজন উপলক্ষে তিনি বলেছেন, দলের চেয়ারপারসনের সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ও আমাদের এলাকার সন্তান ডা. জুবাইদা রহমান। তার এই আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী জুবাইদা রহমান আগামীতে রাজনীতিতে সক্রিয় হয়ে সিলেটে এসে নির্বাচনে অংশ নিন। প্রার্থী হলে আমরা তার পক্ষে মাঠে কাজ করে জয় সুনিশ্চিত করবো। সিলেটের কর্মসূচিতে সেই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন বিএনপি’র নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল। তিনি মানবজমিনকে জানিয়েছেন, সিলেটের রত্মগর্ভা সন্তান ডা. জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। এটা আমাদের জন্য আনন্দের। এজন্য দলের চেয়ারপারসন সহ তাকে স্বাগত জানিয়ে সিলেটে মিছিল করা হয়েছে। আগামীতে সিলেটের মানুষের সুখে, দুঃখে তাকে পেলে শুধু আমরাই নই, মানুষও খুশি হবে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানিয়েছেন, ডা. জুবাইদা রহমানকে নিয়ে এবারই কেবল সিলেটের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেননি, নির্বাচন এলে তাকে সিলেট থেকে প্রার্থী হওয়ার দাবি জানান বিএনপি’র নেতাকর্মীরা। এর কারণ শুধু রাজনীতিই নয়। বিগত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট। দেশের অন্যান্য এলাকা আলোকিত হলেও সিলেট অবহেলিত রয়েছে। এ কারণে সিলেটের উন্নয়নের জন্য নেতাকর্মীরা জুবাইদা রহমানকে পাশে চান। তার দেশে আসার খবরে সিলেটের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষও উচ্ছ্বসিত।