বিএনপি রাষ্ট্রক্ষমতার সুযোগ পেলে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ কার্যকর ও শক্তিশালী করবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ কার্যকর ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ব্যক্তিগতভাবে আমি যে বিষয়টির প্রতি খুবই যত্নশীল, সেটি হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। আমাদের দেশে এমন অনেক বৃদ্ধ পিতা-মাতা আছেন, যাদেরকে অনেক সময় বিভিন্ন কারণে সন্তানরা দেখাশোনা করতে চায় না বা ভরণপোষণ করে না। রাষ্ট্রের পক্ষ থেকে কীভাবে এসব বৃদ্ধ পিতা-মাতার পাশে দাঁড়ানো যায় এবং কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সে ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি, ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা আমাদের সহযোগিতা করবেন।