খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন বেগম জিয়া। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।’
এদিকে ফিরোজার সামনে যারা অপেক্ষায়, তাদের জন্য আজকের সকাল এক বিজয়ের প্রত্যাশা। প্রশ্ন একটাই, ‘নেত্রীর আগমনে কি রাজনীতির গতিপথ পাল্টাবে?’
খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। আগত নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।
জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিক্যাল টিমের সদস্যরাসহ তার সফরসঙ্গীরা ওই বিমানে রয়েছেন।