বিএনপি সমর্থন প্রত্যাহার করলে অবস্থা কী হবে, ড. ইউনূস জানেন না: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। এটা সবাইকে মনে রাখতে হবে।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছি। তিনি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপি যদি এই সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার কী অবস্থা হবে, তিনি নিজেই জানেন না।
শনিবার (৩ মে) জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
দেশে নির্বাচনের দাবি তোলাকে ‘অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চাই। কিন্তু এখন নির্বাচনের কথা বললেই সেটা অপরাধ বলে বিবেচিত হচ্ছে।
ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, কেউ কেউ বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ-অভ্যুত্থান হয় না। তাদের জিজ্ঞাসা করি, তাহলে কে ক্ষমতায় আসবে? সামরিক সরকার? গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ নির্বাচন।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে, বিকশিত করতে হলে, একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, আর সেই সরকার আসবে জনগণের ভোটের মাধ্যমে। আমি বলছি না বিএনপি আসবেই, তবে যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসতে হবে।
সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অনেক বিজ্ঞ মনে করি। কিন্তু দেশকে নির্বাচন থেকে বিরত রাখতে তাকে কেউ কেউ প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি এটি গ্রহণ করবেন না বলেই আমাদের বিশ্বাস।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বাতিল রেখে জনগণকে ঘুম পাড়িয়ে রাখবেন, তা হবে না। নির্বাচন দিয়ে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
অনুষ্ঠানের আয়োজন করে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ।