তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে: এ্যানি
তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘স্থিতিশিলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন উর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকান্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগ সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে৷ সেখান থেকে উদ্ধার করতে হলে একদিকে সংস্কার প্রয়োজন; আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি’।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘বিএনপি মৌলবাদী দল নয়। এই যুগের মডারেট সংগঠন হল বিএনপি। ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন দেশের মানুষ চায় নেতৃত্বের গুণগত পরিবর্তন। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না’।
তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে। তার প্রত্যেকটা বক্তব্য মানুষ বেশি বেশি করে শোনে। মানুষ তার কথা কাজের ওপর ভরসা করে। রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের বিকল্প বিএনপিসহ কোন দলেই নেই। তারেক রহমান ডুপ্লিকেট জিয়াউর রহমান। যে পথে জিয়াউর রহমান হেঁটেছেন সেই পথে তারেক রহমান হাঁটছে’।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।