মেধাবী ও পরিশ্রমী মানুষকে দলে সম্পৃক্ত করতে হবে: তারেক রহমান

0

বিশ টাকা দিয়ে নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের চাঁদা দিয়ে তিনি ‘বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মেধাবীদের সামনে নিয়ে আসতে হবে। পরিশ্রমী, সত্, আদর্শবান মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আগামী দিনে আমাদের ভালো মানুষ দরকার। কারণ, এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, অনেক পেছনে নিয়ে গেছে। কাজেই দলকে যদি পুনর্গঠিত করতে হয়, সেরকম মানুষ দরকার। সেরকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। তারাসহ দলের জ্যেষ্ঠ নেতারাও এদিন ফরম পূরণ করে তাদের সদস্যপদ নবায়ন করেন।

ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে বিএনপির সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়নের কর্মসূচি হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাধ্যমে।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পাওয়ার পরে দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য ৩১ দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই দলকে ঐক্যবদ্ধ পুনর্গঠিত করতে হবে।

তিনি বলেন, ‘তৃণমূলকে সংগঠিত করতে হবে। এখন বেশি করে কাজ করতে হবে, বিশাল কাজ আমাদের সামনে আছে। আসুন যে উত্সাহ, যে দেশপ্রেম নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গুম-খুনের পরেও শত অত্যাচার-নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। হাজারো-লক্ষ নেতাকর্মী নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। তাহলে রাষ্ট্রকেও পুনর্গঠন করতে পারব।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.