স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত নির্বাচন দেয়ার আহ্বান ড. মোশাররফের
‘সরকার যেন স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত একটি নির্বাচন দেন’ এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড মোশাররফ হোসেন।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ মিলন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এটি দেশে-বিদেশে অনেকের পছন্দ হয়নি। এরপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমনি কি হত্যার পর তার লাশ পাহাড়ে লুকিয়ে রেখেছিল হত্যাকারীরা। তার প্রতি কী পরিমাণ ভালোবাসা ছিল সেনাবাহিনীরা লাশ খুঁজে ঢাকায় এনেছিল। তার জানাজায় কী পরিমাণ লোক হয়েছিল সেটা সবার জানা।’
তিনি জানান, ‘আমাদের নেতাকর্মীদের গুম-খুন ও হত্যা, গ্রেফতার, হয়রানি করেও বিএনপিকে দুর্বল করতে পারেনি ফ্যাসিস্ট সরকার।’
তিনি ন, ‘গণআন্দোলনের ফসল এই অন্তর্বতী সরকার। এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। তারা যদি সম্মান নিয়ে ফিরতে চায় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
বিএনপির শীর্ষ নেতা বলেন, ‘সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে হয় না, এটা চলমান প্রক্রিয়া। সংস্কারের মধ্যে এ সরকার যে কাজগুলো শেষ করতে পারবে না, সেটি পরবর্তী সরকার করবে।’
জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘তিনি কোনোদিন দুর্নীতি করেননি। এ সময় তিনি জিয়ার জীবনী, শাসন ব্যবস্থা এবং কর্মকাণ্ড তুলে ধরেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।