মুক্তিযুদ্ধে সবার ইতিহাস তুলে ধরলেই সবাই সঠিক ইতিহাস জানতে পারবে: তারেক রহমান
মুক্তিযুদ্ধে সবার সঠিক ইতিহাস তুলে ধরলেই সবাই সঠিক ইতিহাস জানতে পারবেন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, গণতন্ত্র মানে মতপ্রকাশ বা অধিকার প্রয়োগ ও ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রকাশ করে থাকে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে আগন্তুকের প্রশ্নের সম্পূরক উত্তরে তারেক রহমান এই অভিমত ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে বিভিন্ন দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকবে- এটাই স্বাভাবিক। তবে যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে। এ বিষয়ে দলমত নির্বিশেষে ঐকমত্য থাকতে হবে। সেইসঙ্গে মানুষের ভোটদানের অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আগামী ১৫-২০ বছর গণতন্ত্র ধ্বংসের রাহু থেকে মুক্ত থাকব। পাশাপাশি স্বৈরাচারমুক্ত পরিবেশ আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো।
অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নিজের জীবনে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমার মতো অনেক শিশু-কিশোরের জন্য পাথেয় ছিল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন তারেক রহমানের স্ত্রী। পরে তিনি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। দুই পর্বের অনুষ্ঠান আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।