তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: ফখরুল
তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্ররাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।’
তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি জানে তারা। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
ঢাকা কলেজের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াকালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা, ভাবনা, প্রযুক্তি ও জেনারেশনে বিরাট পার্থক্য।’
অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।