জামায়াত জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফেৎনা ছড়াচ্ছে: পার্থ
জামায়াত জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফেৎনা ছড়াচ্ছে জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র।
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ঘুইংগারহাট-সংলগ্ন এলাকায় আয়োজিতএক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত কয়েকদিনে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে, মোটরসাইকেলে অনেক জায়গায় ঘুরেছি। আমি দেখেছি, এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা-বরিশাল সেতু নাই, মেডিকেল কলেজ নাই, তরুণদের কাজ করার কোনো উপায় নাই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া, জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফেৎনা ছড়াচ্ছে অভিযোগ করে তাদের থেকে সবাইকে দূরে থাকারও আহ্বান জানান পার্থ।