জুলাই বিপ্লব কারও একক কৃতিত্বে সফলতা আসেনি: নজরুল

0

জুলাই বিপ্লব কারও একক কৃতিত্বে সফলতা আসেনি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম, তা একদফায় রূপান্তরিত হয়েছিল। যে কারণে একদফায় পরিণত হয়েছিল, সেই একই কারণে ঊনসত্তরের  গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। একাত্তরের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল। দুঃখের বিষয় কোনও না কোনোভাবে এ বিজয় ছিনতাই হয়ে যায়। জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে।

গতকাল শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হান্নান আহমেদ খান বাবলু’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কারও একক কৃতিত্বে সফলতা আসেনি। গত ১৫ বছরে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন— তাদেরসহ এ আন্দোলনে ছাত্র, শিশু, শ্রমজীবী সবারই অবদান রয়েছে। এটিতো সবাই ভাগ করতে পারে। একা নিলে কাঁধ ভারী হয়ে যাবে।

তিনি বলেন, এখন অনেকে দাবি করছেন, তারাই জানে কিসে জনগণের কল্যাণ। একই ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা হয়েছিল স্বাধীনতার পরও। যারা মুক্তিযুদ্ধে যায়নি তারাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনিয়েছে। এখন এমন একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ তাদের মত প্রকাশ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। এটিকে অগ্রাধিকার দিতে হবে।

জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.