দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ: টুকু
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ। বিএনপি গণতান্ত্রিক ও গণতন্ত্রের পক্ষের দল। বুক ফুলিয়ে বলতে পারি, আমরা কখনোই জনগণের গণতন্ত্র হরণ করি নাই।’
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর স্কুল মাঠে দাইন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম ফারুকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘৯ বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমাদের নেতা আমাদের অভিভাবক তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। আমাদের নেতা কি আপস করেছেন। ২৪ সালে অনেকেই ক্ষমতার লোভে ভাগাভাগির সেই নির্বাচনে গিয়েছিল। জনগণ ভোট দেয় নাই। দেশনায়ক তারেক রহমানকে অনেকভাবেই অফার করা হয়েছিল। সাবেক মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিলেন বিএনপিকে বলা হয়েছিল, যদি তারা নির্বাচনে আসে তাহলে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করা হবে না। কিন্তু আমাদের নেতা তারেক রহমান জনগণের অধিকারের কথা চিন্তা করে ওই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কোন আপস করে নাই। বিএনপি গণমানুষের দল, মানুষের কথা চিন্তা করেই পদক্ষেপ নেয়। জনগণও সব সময় বিএনপির সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
তিনি আরও বলেন, ‘জনগণ আর বিএনপি পরিপূরক, বাংলাদেশ আর বিএনপি পরিপূরক। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপি থাকবে।
টুকু বলেন, ‘যারা দলের দুর্দিনে দলের হয়ে কাজ করেছেন তারা দলের নেতৃত্ব দেবেন। যারা এখন আসবেন তারা দয়া করে দুর্দিনের কর্মীদের পেছনে থাকবেন। দলের মধ্যে কখনোই বিভেদ সৃষ্টি করার কাজে লিপ্ত হবেন না। লিপ্ত হলে দল করা কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে।’