ট্রাম্পকে ‘জোকার’ বলে বাইডেনের অনুশোচনা

0

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বহুল আলোচিত প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘জোকার’ বলে সম্বোধন করেছিলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তবে ট্রাম্পকে জোকার বলা ঠিক হয়নি বলে অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাকে জোকার না বলে জোকারের মতো আচরণ হচ্ছে—এমনটি বলা যেতে পারত।

সোমবার (৫ অক্টোবর) ফ্লোরিডার মায়ামিতে এনবিসি টিভির লেস্টার হল্টের সঙ্গে এক টাউন হল সভায় জো বাইডেন এ কথা বলেন।

গত ২৯ সেপ্টেম্বর প্রথম ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত বিতর্ক চলে। তারা পারস্পরিক বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন।

তবে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প বারবারই কথার পিঠে কথা বলেছেন। তাকে নিয়ন্ত্রণ করার জন্য সঞ্চালক ক্রিস ওয়ালেস হিমশিম খাচ্ছিলেন। প্রতিপক্ষ জো বাইডেন বক্তব্য রাখতে গিয়ে হোঁচট খেয়েছেন বারবার। 

এদিন ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুরছানা’ও বলেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে বাইডেন বলেন, ‘আপনি কি চুপ করবেন?’এরই একপর্যায়ে বলেন, ‘এই জোকারের কাছ থেকে কোনো কথা আদায় করা শক্ত।’

এদিকে করোনা ভাইরাসে সংক্রমিত প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন ওয়াশিংটন ডিসির হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার বিকেলে হোয়াইট হাউসে ফিরে গেছেন। সেখানে ফিরেই তিনি মাস্ক খুলে ফেলে সমালোচনার মুখে পড়েন। অবশ্য তড়িঘড়ি করে ট্রাম্পের হাসপাতাল থেকে প্রত্যাবর্তন নিয়ে নেতিবাচক কিছু বলেননি জো বাইডেন।

প্রেসিডেন্টের স্বাস্থ্য ভালো হচ্ছে জেনে খুশি হয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, চিকিৎসকের পরামর্শের পর তিনি এ নিয়ে অন্য কিছু বলতে চান না। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য সেবা রয়েছে বলেও বাইডেন উল্লেখ করেন।

হোয়াইট হাউসে ফিরেই ডোনাল্ড ট্রাম্পের মাস্ক অপসারণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বাইডেন। তবে টাউন হল সভায় বলেন, যে কেউ ভাইরাসের সংস্পর্শে আসার পর যদি বলে মাস্ক কোনো ব্যাপার নয়, সামাজিক ব্যবধান কোনো ব্যাপার নয়—তবে তাদের নিজের ব্যাপারে নিজেকেই দায়িত্ব নিতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.