২ মুসলিম দেশের স্বীকৃতির পর ফিলিস্তিনে আবারও বসতি নির্মাণ; ইসরাইলের তীব্র নিন্দা তুরস্কের
মুসলিম দেশ আরব আমিরাত ও বাহরাইনের স্বীকৃতির নেওয়ার পর ফিলিস্তিনের পশ্চিমতীরে আবারও বসতির অনুমোদন দেওয়ায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
রোববার (৪ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে অতিরিক্ত বসতি নির্মাণে অনুমোদন দিয়েছেন, এতে নতুন করে প্রমাণিত হয় এই দেশটির দখলদারিত্বের আদর্শ; যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজ্যুলেশনের প্রতি অসম্মান। এতে প্রমাণিত হয় ইসরাইল তার দখলদার নীতি পরিত্যগ করেনি। সম্প্রতি দাবি করা হয়েছিল, ইসরাইলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি বাস্তবায়নের ফলে সংযুক্তকরণ নীতি স্থগিত থাকবে, তবে এটি পরিস্কারভাবে দেখা যাচ্ছে নিছক প্রতারণা।
বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলের এমন অবৈধ পদক্ষেপ তুরস্ক সমর্থন করে না। ফিলিস্তিনী জনগণের অধিকার ও তাদের স্বাধীনতার ওপর ইসরাইলের আক্রমণ থেকে পরিত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানায় তুরস্ক।
ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে সবসময়ের জন্য রয়েছে এবং তাদের সমর্থন করছে।