আরও ফুটবলার করোনা আক্রান্ত
ইতালি ও স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ফুটবলারের সংখ্যা বেড়েছে। জুভেন্তাসের হয়ে খেলা ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্লেইস মাতুইদি দলটির করোনা আক্রান্ত দ্বিতীয় ফুটবলার। এর আগে ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি ছিলেন এই রোগের প্রথম শিকার। এছাড়া সিরি আ’র অপর দল হেয়াস ভেরোনার ম্যাতিয়া জাকাজনিও করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে ইতালিতে করোনা আক্রান্ত ফুটবলারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩তে। এছাড়া স্প্যানিশ ক্লাব এস্পানিওল তাদের মোট ৬ জন খেলোয়াড়-কর্মকর্তার ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এদিকে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। ৭৬ বছর বয়সী সাঞ্জের অবস্থা একটু খারাপ। একই দিন জাপান ফুটবল ফেডারেশন প্রধান কোজা তাশিমাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জুভেন্তাসে রুগানির করোনা ধরা পড়ার পরই সব ফুটবলারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন মাতুইদি। এর মধ্যেই তার টেস্টে করোনা পজিটিভ এসেছে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ‘মাতুইদির নমুনা টেস্টের পর জানা গেছে সে করোনা পজিটিভ। আমরা তাকে চিকিৎসার মধ্যেই রেখেছি। সে কোয়ারেন্টাইনে আছে। আগে থেকেই সে এই প্রক্রিয়ায় ছিল। এখন আইসোলেশনে রাখা হয়েছে তাকে।’ এক ইন্সটাগ্রাম বার্তায় মাতুইদি ভক্তদের উদ্দেশে সতর্ক থাকার পরামর্শ দিয়ে লেখেন, ‘সময়টা খুবই খারাপ। আমি বুঝতে পারিনি এই অসুস্থতাটা এতটা ভয়ঙ্কর হবে। সবাই নিয়ম মেনে চলুন। চিকিৎসক, নার্সদের বিশাল ধন্যবাদ।’ এদিকে ভেরোনা ফুটবলার জাকাজনিও আগে থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন। তার ব্যাপারে ভেরোনা জানায়, ‘জাকাজনি ভালো আছে। গত কিছুদিনে তার জ্বর হয়েছিল। জাকাজনিসহ পুরো দল ২৫ মার্চ পর্যন্ত আইসোলেশনে থাকবে।’
এস্পানিওল দু’দিন আগেই জানিয়েছিল তাদের প্রায় ৩৫ শতাংশ ফুটবলারের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এক দিন পরই তারা নিশ্চিত করল মোট ৬ জন করোনা পজিটিভ হয়েছেন, বাকিদের টেস্টের ফলও শিগগিরই জানা যাবে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সবাইকেই আইসোলেশনে রাখা হয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক মালিক সাঞ্জের অধীনে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ক্লাবটি। সাঞ্জের স্থলাভিষিক্ত হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ৭৬ বছর বয়সী সাঞ্জ করোনায় আক্রান্ত হয়ে একটু বাজে পরিস্থিতি নিয়েই হাসপাতালে ভর্তি।