নির্বাচনি ইশতেহার অনুযায়ী গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

0

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী, পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। ইতোমধ্যে শুরু হয়েছে এ কর্মসূচি।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, যে সাংবিধানিক স্ট্রাকচার, তাতে অন্যান্য দেশে যেমন একটা স্থানীয় সরকার থাকে শক্তিশালী, যেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, এখন আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো ওইভাবে সক্রিয় বা শক্তিশালী না। তো আমরা মন্ত্রণালয় থেকে যাই ব্যবস্থা নিতে চাই, যাই কার্যক্রম হাতে নিই, যেটাই বাস্তবায়ন করতে চাই—আমাদের মূল চাবিকাঠি কিন্তু এখনো জেলা প্রশাসন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা বিভিন্ন যে কার্যক্রম হাতে নিই—সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ুদূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন—যাই আমরা বলি, এগুলো কিন্তু ওনাদের সাহায্য-সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। সেজন্য ওনাদের সমস্যাটাও আমরা শুনছি। বাট আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিই, যেগুলো হাতে আছে, যেগুলো হাতে নেব, সেগুলো যেন ওনারা আমাদের সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়।’

ডিসিরা কী প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘ওনারা আইনশৃঙ্খলা অবস্থা, রাজনৈতিক অবস্থা—এগুলো বলছেন। এগুলো এমন কোনো কিছু বলে নাই যেগুলো সমস্যাসংকুল যেটা আমাদের উত্তর দেওয়ার দরকার আছে।’

সারাদেশে কৃষিজমিগুলো দখল হচ্ছে, বন উজাড় হচ্ছে। এ ব্যাপারটা একেবারে স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ করার কথা। এ বিষয়ে আপনি কোনো দিক-নির্দেশনা দিয়েছেন কি না? এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখানে আমরা কোনো নির্দেশনা দেইনি। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে, বাস্তবায়ন করার জন্য যে সহযোগিতা দরকার, আমাদের পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চেয়েছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.